স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের অসুস্থতা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক খোঁজখবর নিতে রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, সংসদ সদস্য, চিকিৎসক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালে উপস্থিতি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃশ্যমান অনুপস্থিতি নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন মন্ত্রীর অসুস্থতার সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ভূমিকা কী হওয়া উচিত, মন্ত্রীর প্রতি ন্যূনতম সৌজন্য ও দায়িত্ববোধের প্রকাশ কীভাবে হওয়া প্রয়োজন এসব বিষয়ও আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার খবর দেশজুড়ে আলোচিত হলেও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়ার কোনো দৃশ্যমান উপস্থিতি কিংবা সংসদে তাঁর অসুস্থতা নিয়ে কোনো বক্তব্য সামনে না আসায় বিভিন্ন মহলে আলোচনা‑সমালোচনা তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৪ নভেম্বর। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সেখানে তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে পরদিন ১৫ নভেম্বর তাঁর হৃদযন্ত্রের দুটি ব্লকে স্টেন্ট (রিং) স্থাপন করা হয় এবং অপর ব্লকে বেলুন ডাইলেশন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়।
এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবার প্রতি তাঁর এই আস্থার বিষয়টি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
মন্ত্রীর চিকিৎসার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার টেলিফোনে যোগাযোগ করেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই আন্তরিক খোঁজখবর নেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে গুরুত্ব পেয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির (বিটু) ১৫ নভেম্বর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে একটি প্রতিনিধিদলও হাসপাতালে উপস্থিত ছিল।
স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহ‑সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান সহ বিভিন্ন শ্রেণি‑পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
শুধু ক্ষমতাসীন দলের নেতারাই নন, বিরোধী রাজনৈতিক দলের নেতারাও স্বাস্থ্যমন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে যান। বিরোধী দলীয় নেতা এমনকি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এছাড়া চিকিৎসক সংগঠন ড্যাবের নেতাকর্মী, একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রীর অনুপস্থিতি ঘিরে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে প্রশ্ন
এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাসপাতালে উপস্থিতি, প্রধানমন্ত্রীর একাধিকবার ফোনে খোঁজ নেওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সৌজন্য সাক্ষাতের বিপরীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃশ্যমান অনুপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভার একজন সদস্য অসুস্থ হলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া নিছক আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক সৌজন্য, দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়েরও বহিঃপ্রকাশ। ফলে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিমন্ত্রীর দৃশ্যমান অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর তাঁর বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে তাঁর অসুস্থতার সময়ে প্রতিমন্ত্রীর অনুপস্থিতিকে কেউ কেউ স্বাভাবিক রাজনৈতিক সৌজন্যের ঘাটতি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও নেতৃত্বের সমন্বয়ের প্রশ্ন হিসেবে বিবেচনা করছেন।
সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার সময়ে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সৌজন্য ও সহমর্মিতার উপস্থিতি যেমন আলোচনায় এসেছে, তেমনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃশ্যমান অনুপস্থিতিও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।